ঝালকাঠির রাজাপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগ কর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করেছে। হামলায় আরো আট-দশজন ছাত্রদলকর্মী আহত হয়। শনিবার সকালে শহরের স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা মিছিলসহকারে ফিরে আসার সময় স্কুল মার্কেট এলাকায় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার ঘটনা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যস্ত ছিল। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। এ ব্যাপারে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।