সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম মাওলানা জিয়াউর রহমান জাহেদ (৪৫)। তিনি গারাঙ্গিয়া হাতিয়ারকুল মধন মাওলানা সাহেবের বাড়ি এলাকার মরহুম মাওলানা মাহবুবুর রহমানের ছেলে। গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মক্কা নগরীর হেরা গুহা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। নিহত জাহেদ সাতকানিয়ার সোনাকানিয়া শাহ মজিদীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক।
নিহতের চাচাত ভাই মো: কামাল উদ্দিন জানান, গত ১৬ মার্চ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন জাহেদ। ওমরাহ পালন শেষ করে আগামী ৩০ মার্চ তার দেশে ফেরার কথা ছিল।
জানা যায়, গত শনিবার বাদ আছর পবিত্র মক্কা নগরীর উঁচু পাহাড় হেরা গুহায় উঠেন জিয়াউর রহমান জাহেদ। সেখানে উঠে নিজ মোবাইল থেকে ফেসবুক লাইভে এসে হেরা গুহার দৃশ্য দেখান। এর কিছুক্ষণ পর হেরা গুহা থেকে নিচে নেমে এসে রাস্তা পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত মাদরাসা শিক্ষক জাহেদ তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।



