নোয়াখালীতে পৃথক পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ পিংকি আক্তার (২০)। তিনি সোনাইমুড়ী উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সজিব মিয়ার স্ত্রী।

সোমবার দুপুরের দিকে পুলিশ উপজেলার ঘোষকামতা গ্রামের খাসের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এর আগে একই দিন সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পিংকি স্বামীর বাড়ির বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোনাইসুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সোমবার ২৮ মার্চ দুপুরে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক মোটর দিয়ে ধানক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ী মারা যান। মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির পাশের ধানক্ষেতে পানি দেয়ার জন্য যান মিরাজ মাঝি। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।