সাতক্ষীরার কলারোয়ায় একটি কুলবাগানের পানির ড্রেন থেকে সাচিতা হোসেন সেঁজুতি নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করা হয়। সেঁজুতি (১৫) কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের কৃষক সোহরাব হোসেন পলাশের মেয়ে। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
মেয়েটির বাবা সোহরাব হোসেন পলাশ জানান, তার মেয়ের সাথে প্রতিবেশি আলতাফ হোসেনের ছেলে আবদুর রহমানের এক বছর আগে থেকে সম্পর্ক ছিল। এ নিয়ে সালিস-বিচারও হয়েছে। তিনি এ সম্পর্ক মেনে নেইনি। তাই ধারণা করছেন আবদুর রহমান তাকে শিক্ষা দিতে এ কাণ্ড ঘটিয়েছেন।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।