ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া বাজারসংলগ্ন হলতা নদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি ট্রাক পড়ে চালকসহ ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণে ইউনিয়নের ১০ টাকা কেজি মূল্যের ৪৯৪টি হতদরিদ্র পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
সোমবার মরিচবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাটিখালঘাটা ইউনিয়নের হতদরিদ্রদের মার্চ মাসে বিতরণের জন্য ১৬ টন চাল বোঝাই ছিল।
আহতরা হলেন- ট্রাকচালক রেজাউল ইসলাম, মমিন হোসেন, জুয়েল হোসেন, রানা মিয়া, রাজিব হোসেন, সামসুল হক, শুভ, আসলাম, সাইদুল ইসলাম, মন্টু ও বাচ্চু মিয়া।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমরান এন্টারপ্রাইজ আমুয়া খাদ্য গুদাম থেকে চাল ভর্তি করে ঠিকাদার কামাল জমাদ্দারের গুদামে নিয়ে যাওয়ার পথে মরিচবুনিয়া বাজার এলাকায় রাস্তার কিছু অংশ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়।
এ ব্যাপারে ঠিকাদার কামাল জানান, ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। তবে চাল উদ্ধার করে রাস্তায় ও ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হচ্ছে।



