বাগেরহাটের রামপালে গ্রামীণ পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধারে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

কুমিরটি ৯ ফুট লম্বা। বয়স হতে পারে ১০ থেকে ১৫ বছর।

সুন্দরবন বিভাগের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এটি লোনা পানির কুমির। কুমিরটিকে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় আশিকুজ্জামান বলেন, সোমবার বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ছয়টি হাঁস খুজে পাচ্ছিল না। সকাল বেলা ইস্রাফিল গাজীর পুকুরে হাসের পাখনা (পশম) ভাসতে দেখে সন্দেহ হয়।

আশিকুজ্জামান আরো বলেন, এই পুকুরটির সাথে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে- পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে। কুমির যেহেতু হিংস্র প্রাণী সতর্কতার সাথে কুমিরটিকে গাড়িতে তুলতে হবে। দুপুর নাগাদ কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করতে পারব। এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পড়ে। পরে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত কর হয়।