গাইবান্ধার পলাশবাড়ীতে রোস্তম আলী (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার পরদিনই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রোস্তম ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশের একটি আম গাছে রোস্তমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
বেতকাপা ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া জানান, প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে রোস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও গাছে ঝুলন্ত রোস্তমের পা মাটিতে লেগে ছিল, যা এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রূপ কুমার জানান, রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ নির্যাতিতা এক শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে অন্য শিশুদের সাথে নির্যাতিতা মেয়েটি খেলাধুলা করছিল। এসময় রোস্তম আলী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটির প্যান্ট খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে রোস্তম কৌশলে পালিয়ে যান।



