নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে গত সোমবার রাত ১০টার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন স্বপন মিয়াজি এ প্রতিবেদককে জানান, এ নিয়ে সেতুমন্ত্রীর বাড়ির সামনে চারবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে গুলিবর্ষণও হয়েছে। প্রশাসনিকভাবে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞ ছাড়া এটি ককটেল না পটকা বলা যাচ্ছে না।



