লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রী আরজু বেগমকে হত্যার দায়ে স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ দণ্ড দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যা মামলায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছেন। এতে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদি জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তার বড় ভাই জগলুর রহমান বাদি হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।



