বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ আজ অসহায়। তাই দেশ বাঁচাতে হলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই বলে আজকে এ সরকার জনবিদ্বেষী যত রকম কর্মকাণ্ড আছে সব করে যাচ্ছে। আমরা অনেকেই দেখছি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীলদের পক্ষ থেকে জাতীয় সরকারের একটি আওয়াজ আসছিল। সেটি কিন্তু একটি চক্রান্ত, সরকারেরই একটি ষড়যন্ত্র।
হুদা বলেন, বাংলাদেশে সব গণতান্ত্রিক দল নিয়ে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। এর কোনো বিকল্প নেই। এ সরকারকে হটানোর জন্য অবশ্যই আমরা ডান বাম সবাইকে নিয়ে ঐক্য করতে চাই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয় সাবেক এমপি মরহুম মজিবুর রহমান মঞ্জুর বাড়ির সামনে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা চলে এ কর্মসূচি।
মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মোমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম নাদভী, রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি ভূঁইয়া প্রমুখ।