চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বুলু বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুলু বেগম দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা।
নিহত বুলু বেগমের বোন ফেরদৌসি বেগম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী বুলু বেগম তার বাড়ির পাশের রাস্তার ধারেই সবসময় বসে থাকতেন। গতকাল সন্ধ্যাতেও তিনি সেখানেই বসে ছিলেন। এ সময় একটি ইজিবাইক হঠাৎ করে তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় বুলু বেগম রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এক বৃদ্ধাকে জরুরি বিভাগে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, ‘সন্ধ্যার পরে সদর থানাধীন দৌলতদিয়াড়ে ইজিবাইকের ধাক্কায় বুলু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার একটি বাচ্চা ছেলে না বুঝে ইজিবাইকের অ্যাক্সিলারেটর ঘুড়িয়ে দিলে ইজিবাইকটি বৃদ্ধা বুলুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।’



