চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের চারদিন পর সাজ্জাদুল আলম চপল (৩৫) নামে এ যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেল পরিত্যক্ত এক বাড়িতে। পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত সাজ্জাদুল আলম চপল ওই গ্রামের মাঠপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, চপল নেশাগ্রস্ত ছিল। সে পরিবারের সাথে শ্বশুর বাড়ি মেহেরপুর জেলায় বসবাস করতো। আলমডাঙ্গায় তাদের বাড়িতে কেউ থাকতো না। ওই পরিত্যক্ত বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। গত চারদিন আগে নিখোঁজ হয় চপল।

শুক্রবার স্থানীয়রা নিজেদের ঘরের সামনে ঝুলন্ত অবস্থায় চপলের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের চারদিন পর নিজের পরিত্যক্ত বাড়ি থেকে চপলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে নেশাগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।