সাতক্ষীরায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান ছিনিয়ে নেয়ার ঘটনায় সৎ বাবাসহ মায়ের ওপর অভিমানে আব্দুর রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছে। স্ত্রীকে মোবাইল রিচার্জ করার অজুহাতে দোকানে পাঠিয়ে ঘরের আড়ার সাথে নেট জালের ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। গতকাল রোববার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের কুপোট গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী ভ্যানচালক আব্দুর রহমান (২২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কুপোট গ্রামের সামছুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শ্যামনগরের কুপোট গ্রামের সামছুল শেখের ছেলে আব্দুর রহমান মায়ের সাথে তার দ্বিতীয় স্বামী সাহেব আলীর সংসারে দীর্ঘ দিন ধরে বসবাস করছিল। কয়েক দিন আগে মায়ের দ্বিতীয় স্বামী সাহেব আলী আব্দুর রহমানের রোজগারের একমাত্র উৎস ভ্যান ছিনিয়ে নেয়। নিজের টাকায় কিনে দেয়া ভ্যান সৎ বাবা ছিনিয়ে নেয়ার পর বেকার হয়ে পড়া আব্দুর রহমান পাশের একটি মাছের ঘেরে কাজ নেন। এক দিন আগে তার সৎ বাবা আরো কিছু জিনিসপত্র নিয়ে নেয়ার পাশাপাশি বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এসব ঘটনার জেরে রোববার সকালে তিনি আত্মহত্যা করেন।
সাহেব আলী জানায়, বাদানুবাদে জাড়ানোর কারণে তার স্ত্রী রহমানকে ভ্যান রেখে দিতে বলেছিল। তবে এমন কাণ্ড ঘটাবে সেটা অনুমানও করা যায়নি। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।