চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন (পতাকা বৈঠক) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো: জাবেদের নেতৃত্বে বিজিবির ১০ জন কর্মকর্তা এবং বিএসএফ-এর কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী অমরেশ কুমার অরিয়ার নেতৃত্বে ১০ জন কর্মকর্তা এতে অংশ নেন। এর আগে বিএসএফ প্রতিনিধিদলটি দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান বিজিবির সদস্যরা।
বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দীন জাবেদ পাটোয়ারী জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধ, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়াও বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত ব্যক্ত করেন।



