চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত কিশোর হাসান (১৩) ওই ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার) ও জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

সোমবার ভোরে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মো: হাসান ট্রাক্টরের সহকারী হলেও সোমবার ভোরে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটিভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিয়ে যাচ্ছিল। মাটিভর্তি ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় চালক হাসান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে জীবননগর থানার পুলিশ সকাল ৯টা দিকে ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো: মাহবুবুর রহমান জানান, লাশ থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।