চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক আলামিন ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে তার সহকারী আশিক।

স্থানীয়রা জানান, দুপুরে শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের কাছে আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কে নারায়ণগঞ্জগামী ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়াগামী ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কড়ই গাছের সাথে ধাক্কা খায় ও পাশের খাদে উল্টে যায়। সাথে সাথেই ঘটনাস্থলে ট্রাকচালক আলামিন ও সহকারী আশিক হোসেন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীরামপুর গ্রামে ক্যানালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি।