গোপালগঞ্জের গোপীনাথপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দখল নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছে। এতে করে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘরটির বরাদ্দপ্রাপ্ত হেনা বেগম।
অভিযোগে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার নিয়ম থাকলেও গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে স্বপ্নের নিবাস আশ্রয়ণ প্রকল্পের ৫০৪ নম্বর ঘরটি ভূমির মালিক হাবিব শরিফের নামে বরাদ্দ দেয়া হয়। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রাশেদুর রহমান বিষয়টি জানতে পেরে তার নামে ঘরের বরাদ্দ বাতিল করেন। ওই ঘরটি ১৩ ফেব্রুয়ারি ভূমিহীন জাফর শেখের স্ত্রী হেনা বেগমের নামে বরাদ্দ দেয়া হয়। ওই ঘর থেকে হাবিব শরিফ বের হতে না চাইলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ দিয়ে তাকে বের করে ঘরে তালা মেরে দেয়া হয়। পরে হেনা বেগমকে ওই ঘরে ওঠার অনুমতি দেয়া হলে হাবিব শরিফ ২৯ মার্চ বিকেলে তার ভাই রবিউল শরীফসহ ৮-১০ জন দরজার তালা ভেঙে ওই ঘরে প্রবেশ করেন। হেনা বেগম এসে বাধা দিতে গেলে তাকে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে হাবিব শরিফ। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হেনা বেগম।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের আইসি ছাব্বির রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



