দেশীয় অস্ত্র ঢাল ফেরত না দেয়ায় এক ব্যক্তির ইজিবাইক আটক করা নিয়ে ফরিদপুরের সালথায় দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার গট্টি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুড়ে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, গত ইউপি নির্বাচন শেষ হওয়াব পর থেকে গট্টি ইউনিয়নে দু’টি পক্ষের মধ্যে চরমবিরোধ চলছে। বিরোধের জেরে ইউনিয়নের মাদরাসা গট্টি, বালিয়া গট্টি ও কানাইড় গ্রামে কয়েকবার সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, কানাইড় ও মাদরাসা গট্টির উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ১০টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ।
সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ ভালো রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



