চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে মাটিভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর হাসান (১৩) ওই ট্রাক্টরের চালকের সহকারী এবং জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, হাসান ট্রাক্টরের হেলপার হলেও সোমবার ভোরে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামে ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিচ্ছিল। মাটিভর্তি ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এ সময় চালক হাসান এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে যায়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, লাশ থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।