ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পশ্চিম পাড়া গ্রামের এক মাদরাসাশিক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে মো: নুরুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রশিকা মোড় এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গ্রেফতার মো: নুরুল আলিম উপজেলার গফরগাঁও ইউনিয়নের গড়াবের গ্রামের মো: নুরুল আমিনের ছেলে। পেশায় একজন কাঠমিল শ্রমিক। সোমবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও পৌর শহরের শিলাসী গ্রামের হাসেনের বাসায় পরিবারের সাথে থেকে স্থানীয় জে এম ফাজিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ে ওই শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্যক্ত করতো মো: নুরুল আলিম।
শনিবার সকালে মাদরাসা যাওয়ার পর থেকে এই শিক্ষার্থী নিখোঁজ থাকে। এ দিকে মেয়ে বাড়িতে না ফেরায় ওই রাতে গফরগাঁও থানায় একটি অভিযোগ করে কিশোরীর বাবা বাবুল মিয়া।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে শ্রীপুর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবক নুরুল আলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ভিকটিম কিশোরীকে উদ্ধার পূর্বক নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামি মো: নুরুল আলিমকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



