বিএনপি থেকে ডিগবাজি দিয়ে আওয়ামী লীগের মনোনয়নে দেওয়ান রিপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসেন। তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার রেশ কাটতে না কাটতেই এবার জন্ম নিবন্ধনে স্বাক্ষর করতে ২০ হাজার টাকা দাবি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আলোচিত দেওয়ান মোহাম্মদ রিপন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জন্ম নিবন্ধনে স্বাক্ষরের জন্য তিনি ২০ হাজার টাকা দাবি করায় গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহেল রানা।
অভিযোগে প্রকাশ, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার জন্ম নিবন্ধনপত্রে ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম ও সচিব আব্দুল বাতেন শিকদার স্বাক্ষর করেন। এরপর স্বাক্ষর আনতে চেয়ারম্যান রিপন দেওয়ানের কাছে গেলে তিনি অনৈতিকভাবে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ভুক্তভোগীকে পরিষদ থেকে বের করে দেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ রিপন মোবাইল ফোনে বলেন, অভিযোগকারী সোহেল রানার বাবা আমার গরু চুরি করেছিল। তাই আমি জন্ম নিবন্ধনে স্বাক্ষর করিনি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমি চেয়ারম্যারকে বিষয়টি সমাধান করতে বলেছি।



