কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) থেকে দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর বড় ছেলে বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুর রহমান উজ্জ্বলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

উজ্জ্বল বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক, জেলা বিএনপি’র কার্যকরী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন।

শুক্রবার (৮ এপ্রিল) মাহমুদুর রহমান উজ্জ্বলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাজিতপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা সদরের বিএনপি’র কার্যালয়ে মরহুমের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার আসরের নামাজের পর মরহুমের বাড়ি প্রাঙ্গণে আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, মাহমুদুর রহমান উজ্জ্বল জেলা বিএনপি’র সবার কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি তার বাবার যোগ্য উত্তরসূরী ছিলেন।

মুজিবুর রহমান মঞ্জুর ছোট ছেলে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন - বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাভভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাজিতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি বাবু ইন্দ্রজিৎ, জেলা বিএনপির সদস্য কাইয়ুম খান হেলাল, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: মাসুক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রনি ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম মাহমুদ সোহেল, রফিকুল ইসলাম রফিক, শরিফুল আলম নাদভি, কৌশিক আহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।