বরগুনার তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র রাতের আঁধারে চুরি করে দফতরি মো: সোহাগ মিয়ার বাড়িতে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৬ এপ্রিল গভীর রাতে নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের মালামাল চুরি করে নিয়ে যায় বিদ্যালয়ের দফতরি সোহাগ। রাতের আঁধারে মালামাল চুরি করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি টমটমে করে স্কুলের মালামাল নিয়ে যাচ্ছেন সোহাগ। পিছন থেকে একটি মোটরসাইকেলচালক মালামাল চুরি করার দৃশ্য ভিডিও ধারণ করেন। এতে স্কুলের লোহা ও স্টিলের গুরত্বপূর্ণ মালামাল নিয়ে যাওয়া হয়।

অভিযোগের বিষয়ে স্বীকার করে দফতরি সোহাগ বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রধান শিক্ষক) শহিদুল ইসলামের নির্দেশেই এই মালামাল স্কুল থেকে নিয়ে বাড়িতে রেখেছি। রাতের আঁধারে কেন নিলেন এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানে।

নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে মোবাইল কেটে দেন। পরে বারবার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

জেলা সহকারী শিক্ষা অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, আমি আগামী সপ্তাহে ওই স্কুলে গিয়ে এসব মালামালের খোঁজখবর নিব। যদি মালামাল কম হয় তখন স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আর এমন হতে পারে প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই স্কুলের মালামাল দফতরির বাড়িতে রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, স্কুলের মালামাল দফতরির বাড়িতে রাখা যাবে না। আমি খোঁজ খবর নিব।