ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক গৃহধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলমগীর হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেনি কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরাদ আলী।

এসআই আলমগীর হোসেন কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলার সদরে।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী এক নারী ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঁঠালিয়া থানায় আলমগীর হোসেনের নামে একটি মামলা করেন।

মামলার এজাহারে বাদি লিখেছেন, কাঠালিয়া উপজেলার এক গ্রামে তিনি দুই ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী ব্যবসার সুবাদে চট্রগ্রামে থাকেন। তার ভগ্নিপতি পাশের গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়িতে যাওয়া-আসার সুবাধে তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সাথে পরিচয় হয় তার। গত ৩ মার্চ সোমবার রাতে তার বাড়িতে গিয়ে এসআই আলমগীর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামি এসআই আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদিকে বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।