ঝালকাঠি সরকারি কলেজে সিইডিপির অধীন সাবপ্রজেক্ট অফিস কার্যক্রম পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেন, শিক্ষাক্যাডার থেকে সচিব হতে পারে। তারা অনেক ক্ষেত্রে সৎ ও দক্ষ থাকেন। কিন্তু কিছু বিষয়ে তারা বৈষম্যের শিকার হন। অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হন। তারপরেও শিক্ষকের মর্যাদা কোনো কিছুর সাথে তুলনা হয় না। শিক্ষকের গাড়ি বাড়ি বা বিশেষ সম্পদ না থাকলেও তাদের মর্যাদা সম্মান আছে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে গর্ববোধ করছে। আগের চেয়ে শিক্ষার্থীরা বেশ ভালো করছেন, দক্ষতার স্বাক্ষর রাখছেন। স্বাধীনতার শতবর্ষে দেশে শিক্ষিত বেকার আর থাকবে না। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ।
গতকাল শুক্রবার প্রজেক্ট অফিস এলকায় মতবিনিময়কালে ভিসি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। তা হলে শিক্ষা ও দক্ষতা দু’টির সমন্বয় হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সহজতর হবে। সরকারি কলেজে অন্যান্য বিষয়ের সাথে কয়েকটি বিষয়ে স্বল্পমেয়াদি ডিপ্লোমা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলোক কুমার সাহা। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো: ইলিয়াস ব্যাপারী, মহিলা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. শামীম আহসান প্রমুখ।



