কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও চার মেয়ে, নাতি নাতনী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল-৮টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জাতীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয় বিএম নজরুল ইসলামের লাশ। সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে নামাজে জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন তার একমাত্র ছেলে বিএম রবিউল ইসলাম রিপন, শ্যালক আলহাজ আব্দুর রহিম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, মেয়র মনিরুজ্জামান বুলবুল, বীরমুক্তিয়োদ্ধা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রমুখ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।



