রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ফেরি থেকে নেমে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল এবং অটোরিকশাটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অটোচালক নিহত হন।
অটোতে থাকা উসমান নামের এক যাত্রী এ সময় গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



