গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক তরুণী। শনিবার কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত এস এম জোবায়ের হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এবং কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানা মৌচাক এলাকার হাজী ফজলুল হকের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সেন্টু খান। তার মেয়ের সাথে প্রায় তিন বছর আগে পরিচয় হয় হিমেলের।

পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হিমেল ওই তরুণীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের বিভিন্ন সময় হিমেল তার কাছ থেকে দুই লাখেরও বেশি টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেন।

গত কয়েক মাস যাবৎ বিয়ের জন্য চাপ দিলে ওই তরুণী ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি দেন হিমেল। পরে বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এবং শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শুক্রবার রাতেই মামলা রেকর্ড করা হয়। ওই তরুণীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার পূর্ণ নিরাপত্তা দেবে পুলিশ। আসামিকে গ্রেফতারে সকল প্রকার চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টার দিকে ওই তরুণী একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর আগে তিনি কালিয়াকৈর থানায় ওই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।