দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে অপপ্রচারের অভিযোগে তাহসিন তুহিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই দিন দুপুরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহাজ্জেল আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলেন তুহিন। পরে ২০২১ সালের ২৮ অক্টোবর দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন আসামিদের ছবিসহ দর্শনা থানার ফেসবুকে পোস্ট দেয়া হয়। গত ৫ এপ্রিল বিকেলে ওই পোস্টে মন্তব্য করেন তুহিন। এদিকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার মোবাইলে দর্শনা থানার নামে খোলা আইডিটি সচল ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে ও আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।