গাজীপুর মহানগরের গাছা কলমেশ্বর এলাকায় এলিট শিল্প গোষ্ঠীর বাগানবাড়ির পুকুর থেকে ইয়াসিন (১১) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন কলমেশ্বর তালিমুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে ময়মনসিংহ জেলা সদরের বাজিতপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মা জমিলা বেগম ইয়াসিনকে সাথে নিয়ে স্থানীয় কলমেশ্বর এলাকার মো: খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ইয়াসিনের মা জামিলা বেগম মানুষের বাসা-বাড়িতে কাজ করেন। শনিবার সকাল ১০টার দিকে ইয়াসিনকে বাসায় একা রেখে কাজে যান তিনি। বিকেল ৫টায় বাসায় ফিরে ইয়াসিনকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রোববার সকাল সাড়ে ৯টায় এলিট গ্রুপের বাগানবাড়ির কাজের বুয়া জহুরা বেগম বাগানের পুকুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে জমিলা বেগম ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনের লাশ শনাক্ত করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডেক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাছা থানার এসআই মো: সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে ইয়াসিনের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।



