বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স ও গবেষণার সূচকে আবারো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে। গত শনিবার প্রকাশিত স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিংয়ের ২০২২ সংস্করণে এ ফলাফল তুলে ধরা হয়। বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণায় সিমাগো ইনস্টিটিউশনের জরিপে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিকমানের গবেষণা এবং এ স্বীকৃতি অর্জনের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমে সবার নিরলস প্রচেষ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন। একইসাথে তিনি বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্য সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এ সাফল্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে।