জাজিরার পূর্ব নাওডোবা আ্যাম্বিশন কিন্ডার গার্টেনের অষ্টম শ্রেণীর ছাত্র শাকিল মাদবরকে ক্রিকেট খেলার কথা বলে ডেকে নিয়ে মুক্তিপণ দাবি করা এবং হত্যা ও লাশ গুমের অপরাধে দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ: ছালাম খান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইমরান মোড়ল ও সাকিব বাবু। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস প্রদান ও একজনের উচ্চ আদালতে আপীল থাকায় তার রায় স্থগিত রাখা হয়েছে।

মামলার বাদী ছালাম মাদবর বলেন, আমি এই রায়ে অসন্তোষ প্রকাশ করছি। আমি উচ্চ আদালতে আপিল করবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, একটি লোমহর্ষক ঘটনা ছিল। মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই অন্যরা আসামি হয়েছে। বাদী, ডাক্তার ও তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়ে মামলার প্রমাণ করেছে। মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড দিয়ে অপর চার জনকে খালাস প্রদান করেছেন ট্রাইব্যুনাল। উচ্চ আদালতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমি তার সাথে সহমত প্রকাশ করছি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুরাদ বলেন, আমার আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। ট্রাইব্যুনালের এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো এবং আমার আসামি খালাস পাবে বলে আমি আশাবাদী।