দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দরিদ্র ভ্যানচালকের ছেলে সবুজের পড়াশুনার দায়িত্ব নিলেন এমপিকন্যা শিমলা। সবুজ একটি ড্রোন তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ব্যাপারে দৈনিক নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে এলে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) মেয়ে মোছা: ফারজানা রহমান শিমলা মেধাবী ছাত্র সবুজ সরদারের খোঁজ খবর নেন এবং তার লেখাপড়ার যাবতীয় খরচের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

সবুজ সরদারের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি খুব আনন্দিত, ফারজানা আপুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে গণমাধ্যম কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জানতে চাইলে এমপির মেয়ে শিমলা বিষয়টি নিশ্চিত করে বলেন, সবুজ মেধাবী ছাত্র। তার এই উদ্ভাবন দেখে আমি মুগ্ধ হয়েছি। সে যেন ঠিকমত পড়াশুনা করে তার মেধা কাজে লাগিয়ে আরো নতুন কিছু উদ্ভাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সেই চিন্তা থেকেই তার পাশে দাঁড়িয়েছি।

উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর মহেশপুর গ্রামের ভ্যানচালক মো: একরামুল সরদারের ছেলে মো: সবুজ সরদার (১৮)। সে ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাশ করে বর্তমানে দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগে প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের তৈরি বিমান আকাশে উড়াবে। সেই শখ থেকেই মাত্র ৪৫ দিনে মেধাবী এই শিক্ষার্থী তৈরি করেছেন একটি ড্রোন। তার উদ্ভাবিত বিমানটির অবকাঠামো কর্কশিটের তৈরি হলেও রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়।