চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় দু’জন নেতা আহত হয়।
মঙ্গলবার বিকেল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে ইউপি সদস্য শাহিনের বাগানবাড়িতে এ হামলা হয়।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়ে প্যান্ডেলসহ ১০০-র অধিক চেয়ার ভাংচুর করে। প্রায় তিন শ’ প্যাকেটের বেশি ইফতারি নষ্ট করে খাওয়ার অনুপযোগী করে দেয় হামলাকারীরা। এছাড়াও অশালীন ভাষায় বিএনপির নেতাকর্মীদের গালিগালাজও করে বলে অভিযোগ উঠেছে।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের দাবি বিএনপির দু'গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে যায়নি।
ইউপি সদস্য ও বিএনপির নেতা শাহিন বলেন, আমার বাগানবাড়িতে নাগদহ ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। ইফতারের সময় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন আমাদের উপর লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।
তিনি আরো বলেন, প্রায় পাঁচ শ’-র অধিক ইফতারির আয়োজন করা হয়েছিল। এরমধ্যে তিন শ’ প্যাকেটের বেশি ইফতারি নষ্ট করে খাওয়ার অনুপযোগী করে দেয় হামলাকারীরা।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, আমি সম্মেলনে পৌঁছানোর আগেই হামলা হয়। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের নিষিদ্ধ কোনো দল না। যত প্রতিবন্ধকতা থাকুক না কেন এই সম্মেলন হবেই। দল পুনর্গঠনের কাজ চলমান থাকবে।
এ বিষয়ে জানতে নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী বলেন, আমাদের কোনো নেতাকর্মী এ হামলা করেনি। আমার নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিলেও আমি তাদেরকে ফিরিয়ে দেই। মূলত বিএনপি ও যুবদলের মধ্যে গ্রুপিং-র কারণে এ হামলার ঘটনা বলে জেনেছি।
ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের অনুমতি ছাড়ায় বিএনপির কিছু কর্মীরা সম্মেলন বা মিটিং করছিলেন। এ সময় কয়েকজন দূর্বত্তরা তাদের উপর হামলা চালিয়ে উচ্ছেদ করে দিয়েছে। কিছু চেয়ার ও টেবিল ভাংচুর করে তারা। আমি ঊর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা থানায় অভিযোগ বা মামলা করলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।



