কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইনউদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মারজানা আক্তার। তিনি জানান, দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। নিহত দুই শিশুর লাশ পরিবারের সদস্যরা নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। দুপুর সাড়ে ১২টায় দু’জনের দেহ পুকুরে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।



