নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে আদমজী ইপিজেডের প্রধান ফটকে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় নারায়ণগঞ্জ-আদমজী সড়কের ইপিজেড এলাকায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা সকাল ১০টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান।
পরে বিকেল ৩টার দিকে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের মালিক পক্ষ আগামী সোমবার বকেয়া বেতনভাতাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। আমাদের বেতন বুঝিয়ে দেয়ার কথা বলেছিল কিন্তু এসে দেখি তারা গার্মেন্টে তালা মেরে পালিয়ে গেছে।
রাহিমা নামে এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, সামনে ঈদ চলে আসছে। রোজার মধ্যে খুব কষ্টে দিন পার করছি। আমাদের বেতন না দিলে আমরা ছেলেমেয়েদের নিয়ে কিভাবে চলব। তাই আমরা বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছি।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে। পরে তাকে একাধিকবার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বেকা গার্মেন্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করে। বিকেল ৩টার দিকে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের মালিক পক্ষ আগামী সোমবার বকেয়া বেতনভাতাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা যার যার মতো চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।