ভোর ৫টা থেকে একে একে জড়ো হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীর কাছেই বাইসাইকেল। ঘণ্টাখানেকের মধ্যেই সাড়ে ৩০০ ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত বিদ্যালয় চত্বর। বর্ষবরণ উপলক্ষে পয়লা বৈশাখে এ দৃশ্যের অবতারণা হয় নড়াইলের প্রত্যন্ত অঞ্চল গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। করোনার ধাক্কা কাটিয়ে দুই বছর পর ব্যতিক্রমী বর্ষবরণে মেতে ওঠেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ১১ গ্রামের মানুষ। বাইসাইকেল চালিয়ে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে নতুন বছরকে স্বাগত জানায় সবাই।
জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিদ্যালয়টির অবস্থান হলেও সাংস্কৃতিক ঐহিত্য রয়েছে এখানে।
বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ভৌমিক বলে, এক সপ্তাহের প্রস্তুতি শেষে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছি। খুবই আনন্দিত আমরা। হ্যাপি পাঠক, চৈতী গোস্বামী, অনন্যা সিংহসহ একাধিক শিক্ষার্থীরা জানায়, তারা বাইসাইকেলে ১১ গ্রাম ঘুরে নববর্ষ উদযাপন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, পরিবেশবান্ধব বাইসাইকেল চালিয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় বাইকেলেই এবার নতুন বাংলা বছর বরণের সিদ্ধান্ত নেয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারী, যানবাহন চালকসহ সাধারণ যাত্রীরাও সহযোগিতা করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।



