কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় দু’জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার বিকেলে বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত মো: সাহাব উদ্দিন (৩৫) কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে। নিহত অন্যজন দিনমজুর বলে তথ্য পাওয়া গেলেও নাম, পরিচয় জানা যায়নি। বজ্রপাতে এ সময় এক মহিলা আহত হয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর হায়দার জানান, শুক্রবার বিকেলে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এবং বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে ওমর হায়দার জানান, বিকেলে কুতুবদিয়ায় ঝড়ো হাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকায় লবন মাঠে কাজ করছিলেন মো: সাহাব উদ্দিনসহ আরো কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতের ঘটনায় সাহাব উদ্দিন আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শুক্রবার একই সময়ে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় বজ্রপাতের পৃথক আরেক ঘটনায় এক দিনমজুর মারা গেছে বলে জানান কুতুবদিয়া থানার ওসি।

নিহতদের লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।