চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় রবিউল হোসেন সেলিম (৩৫) নামে স্থানীয় সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

রবিউল হোসেন উপজেলার জোরারগঞ্জের নন্দনপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার তার ১৩তম বিবাহ বার্ষিকী ছিল। এ উপলক্ষে নিহত হওয়ার মাত্র ৩০ মিনিট আগেও স্ত্রীকে উৎসর্গ করে একটি আবেগঘন পোস্ট দেন রবিউল।

পোস্টে নিজেদের গায়ে হলুদের একটি ছবি শেয়ার করেন এবং ছবির ক্যাপশনে লিখেন, ‘দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩টি বসন্ত পুরে গেল। কিন্তু আমার কাছে মনে হয়, এইতো সেদিন যেন শুভ পরিণয় হয়েছিল আমার ও প্রিয়তম তোমার। প্রিয়তম, তুমি এই সংসার ও আমার জন্য অনেক করে যাচ্ছ, আজকের এই দিনে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক কৃতজ্ঞতা।’

স্থানীয় ছাত্রলীগ নেতা সালমান ফারসি জানান, নিজের ব্যবসায়িক কাজে সকালে বাড়ি থেকে বের হলে বিএসআরএম গেইট এলাকায় ঢাকাগামী একটি গাড়ি ধাক্কা দিলে রবিউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো: আলমগীর হোসেন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।