সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সাতক্ষীরা-খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।
নিহত দুই গরু ব্যবসায়ী হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন ছেলে লাল্টু সরদার (২৮)।
নিহত দু'জনের মধ্যে ইয়াসিন আলী মারা যান সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও লাল্টু মারা যান খুলনা ২৫০ শয্যা হাসপাতালে।
সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিকআপে চড়ে গরু কিনতে বাগেরহাট জেলার ফকিরহাটে যাচ্ছিলেন। কুমিরা বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় বাগেরহাটগামী একটি পিকআপের সাথে সাতক্ষীরাগামী একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন গরু ব্যবসায়ী লালটু সরদার ও ইয়াসিন আলি। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলী দুপুর একটার দিকে ও লাল্টু দুপুর দেড়টার দিকে মারা যান।



