গাজীপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই দুই পদে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল নেতারা নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোটে অংশ নিলেন।

ভোটে জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মরহুম বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান।

গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগ পাড়ার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।