নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বিধবার বসতবাড়ি। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম রেজিয়া বিবি। তিনি আয়াপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জনাব আলীর স্ত্রী। এক সপ্তাহ আগে বাড়িটি তালাবদ্ধ করে তিনি ঢাকায় পুত্রবধূর কাছে বেড়াতে যান।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই রেজিয়া বিবির বাড়িতে আগুন জ্বলে উঠে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হন। পরে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।