গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলনে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল নেতারা নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোটে অংশ নেয়ায় তাদের ভেতর বেশ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলার মোট ৭৮০ জন কাউন্সিলর ভোটে অংশ নেন। শতভাগ ভোট কাস্টিং হয়। সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালেব পেয়েছেন ৬২ ভোট। সভাপতি পদে ১২টি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে মরহুম ব্রিগেডিয়ার অব: আ স ম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৫৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল পেয়েছেন ২০০ ভোট এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন সবুজ পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বাতিল হয়েছে ১৭ ভোট। গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা ছিলেন উজ্জীবিত। যেন দীর্ঘ দিন পর তাদের মধ্যে প্রাণের মেলা বসে।