মাগুরায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত ফাতেমা শহরের ভায়না এলাকার টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানায়, মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামান অনুর দ্বিতীয় স্ত্রীকে তার নিজ ঘরে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে বলে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে সংবাদ দেয়। ঝিনাইদহ থেকে সিআইডির ইউনিট রাতে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ওহিদুজ্জামান ও প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপ:) মো: কলিমুল্লাহ, ডিআইও-১ সৈয়দ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।

নিহতের স্বামী ওহিদুজ্জামান জানান, তিনি মাগুরা জজ কোর্টের সামনে ভ্যান্ডারের ব্যবসা করেন। গত ছয়মাস আগে পরিবারের সম্মতিতে ফাতেমার সাথে তার বিয়ে হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার কর্মস্থলে কাজ করছিলাম। ছোট ভাইয়ের ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রীর গলাকাটা মৃতদেহ দেখতে পাই। প্রতিবেশি কারও সাথে কোন বিরোধ ছিল না দাবি করলেও স্ত্রী হত্যায় ছেলে জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।