আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন মাছ আহরণের ওপর নির্ভরশীল জেলেদেরকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, মৎস্য উন্নয়ন করপোরেশন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তারা।