দৈনিক নয়া দিগন্তের মোহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা মুহাম্মদ জালাল উদ্দীন হাক্কানীর বাবা হাফেজ মুহাম্মদ আলী আসগর (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মরহুম আলী আসগর গ্রামের বাড়ি বালিদিয়া ইউনিয়নের গোবরনাদা হলেও তিনি দীর্ঘ দিন ধরে মোহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের পুরোনো এ্যালেংখালী খেয়া ঘাট সড়কের মুসুল্লিপাড়া জামে মসজিদ এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি উপজেলা পরিষদ জামে মসজিদের (তৎকালীন কোর্ট মসজিদ) পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার নির্দেশ দিলে সোমবার দুপুরে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতির জন্য তাকে নিজ বাড়ি মোহাম্মদপুরে নিয়ে আসা হয় এবং এখানেই তিনি ইন্তেকাল করেন।
হাফেজ আলী আজগর সাহেব একজন বিনয়ী, সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন। তার স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা রয়েছে।
সোমবার রাত দশটায় পূর্ব নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ-গোরস্থান মাঠে হাফেজ আলী আসগরের নামাজে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।



