কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরী ও খালা নিখোঁজ হয়েছেন।
সোমবার দুপুরে উপজেরার পাথরবাড়িয়াতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তারা।
পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টার প্রচেষ্টায় মিম খাতুন নামের কিশোরীর লাশ উদ্ধার করতে সমর্থ হয়।
নিখোঁজ খালা সদকী ইউনিয়নের মূলগ্রামের গাফফার মোল্লার মেয়ে চামেলি খাতুন (৩০) ও কিশোরী গাফফার মোল্লার নাতনী খোকসা দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে মিম খাতুন (১৩)। সে সপ্তম শ্রেণীর ছাত্রী।
নিহতদের স্বজন প্রত্যক্ষদর্শী নীলিমা জানান, দুপুর ১টার দিকে সে তার ফুফু চামেলি ও ফুফাতো বোন মিমসহ ৫-৬ জন গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় তার ফুফু ও ফুফাতো বোন যেদিকে ড্রেজার দিয়ে নদী খনন করা হয়েছে সেখানে গভীর পানিতে নেমে গিয়ে হারিয়ে যায়। তাদের উপরে উঠতে না দেখে তারা চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে তাদের খুঁজতে থাকে কিন্তু তাদের উদ্ধার করতে পারে না। পরে খবর দিলে কুমারখালী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার প্রচেষ্টায় মিম খাতুনের লাশ উদ্ধার করে। এখনো তার ফুফু নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি আসছে বলেও জানা গেছে।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনসপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, তারা একটি লাশ উদ্ধার করতে সমর্থ হয়েছে। এখনো তল্লাশি চলছে এবং খুলনা থেকে ইতোমধ্যে ডুবুরি দল রওনা হয়েছে।



