দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন আসলাম খান নামে এক মোটরসাইকেল মেকানিক। আসলাম খান পৌর এলাকার খালাশিপাড়া গ্রামের হায়দার খানের ছেলে।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ-কাম-উচ্চমান সহকারী আসাদুজ্জামান সাত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানির টাকা বাবদ দিনাজপুর ডিসি অফিস থেকে দেয়া ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার একটি চেক নিয়ে মোটরসাইকেলে সোমবার সকালে উপজেলা সদরে আসার পথে পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে চেকটি শার্টের পকেট থেকে পড়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। চেকটি রাস্তায় কুড়িয়ে পেয়ে আসলাম খান নিজে উপজেলা পরিষদে এসে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের কাছে হস্থান্তর করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার এই সততা ও মহতি কাজ দেখে উপস্থিত সবাই তার ভূয়সী প্রশংসা করেন।



