গাজীপুর মহানগরের টঙ্গী বড় দেওড়ায় একটি পোশাক কারখানায় চাঁদার দাবিতে তাণ্ডব চালানোর ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিশু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

মিশু টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। চাঁদাবাজির ঘটনায় গতকাল রোববার রাতে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন জি ফ্যাশন লি. এর পরিচালক (প্রশাসন) এনামুল হক বাবু।

মামলা সূত্রে জানা যায়, মিশু হায়দার ও তার সহযোগীরা গত কয়েক দিন যাবত কারখানা কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ৪৮ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে কারখানার এমডিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। অবশেষে সাবেক অস্থায়ী একজন শ্রমিকের কথিত পাওনা আদায়ের অজুহাতে গত শনিবার কারখানার এমডির অফিস কক্ষে ঢুকে তাণ্ডব চালানো হয়। এ ঘটনার সিসি টিভি ফুটেজ নিয়ে থানায় অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষ। অভিযোগটি এফআইআরভুক্ত করে রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে মিশু হায়দারকে গ্রেফতার করে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে মিশুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা রোধে জিএমপি কমিশনারের নির্দেশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।