সাতক্ষীরায় কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদ বরাবর সুপারিশ করা হয়।
সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিস আলীর ছেলে।
প্রসঙ্গত, ছাত্রলীগের নেতা আকিবের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সাথে সেই মেয়ের সম্পর্ক ভেঙে যায়। মেয়েটি নতুন করে সম্পর্ক গড়ে তুলে শোয়েব আজিজ তন্ময় (২০) নামে এক ছেলের সাথে। তন্ময় তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। সে চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছে।
বিষয়টি জানতে পেরে তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব রোববার বিকেলে নাহিদ হাসান উৎস নামে একটি ছেলের মাধ্যমে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে তন্ময়কে ধরে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে মারধর করার পর মাথা ন্যাড়া ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে। এ সময় তন্ময়ের মায়ের কাছে ফোন করে ছেলেকে মারধরের চিৎকার শোনায় তারা। পরে তন্ময়ের চাচাতো ভাই গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় তন্ময়ের বাবা শেখ আজিজুর রহমান বাদি হয়ে সোমবার তালা থানায় মামলা দায়ের করেন।
এ দিকে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে গত সোমবার রাতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার এক জরুরি বৈঠকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদকে সুপারিশও করা হয়েছে ওই পত্রে।
সাতক্ষীরায় কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সাতক্ষীরায় কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ...



